মেট্রোরেলের ভাড়ার ওপর কারা ভ্যাট বসালো, জানি না: কাদের

ঢাকা: (৫ এপ্রিল) মেট্রোরেলের ভাড়ার ওপর কারা ভ্যাট বসিয়েছে, তা জানেন না বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসছে জুলাই থেকে, হঠাৎ করে কারা এ ধরনের ঘোষণা দিল? এ সম্পর্কে আমরা কিছু জানি না।এটি আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। কোথায় জুলাই মাস! আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি।শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়ির টিঅ্যান্ডটি মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করে মৎস্যজীবী লীগ।সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত হওয়ার আগে হুট করে কারা এ ধরনের খবর দিলো, আমি জানি না। বিষয়টি সাংবাদিকদের জিজ্ঞেস করা উচিত ছিল। তারা কিন্তু আসল জায়গায় যাননি।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বম। এরা রাঙ্গামাটিতে নেই, খাগড়াছড়িতে নেই, আছে বান্দরবানে। এরা কিছু কিছু সশস্ত্র তৎপরতা শুরু করেছে। বিষয়টি আমাদের নলেজে আছে। সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। যৌথ অভিযান চলছে। আমি মনে করি না, এতে গোটা পার্বত্য চট্টগ্রাম অশান্ত হবে। এটি মনে করার কোনো কারণ নেই। আমি আশা করি অচিরেই পরিস্থিতি শান্ত হবে।বিএনপির সমালোচনা করে তিনি ওবায়দুল কাদের বলেন, আজ বিএনপি সমালোচনা করে বলে, সরকার দেশজুড়ে হরিলুট চালাচ্ছে। কীভাবে হরিলুট চলছে, কোথায় হরিলুট চলছে। অন্ধকারে ঢিল ছুড়বেন না। সত্য বলুন। ৮০ ভাগ লোক জেলে, আজ মির্জা ফখরুল মায়াকান্না কাঁদেন। এই ৮০ ভাগের তালিকা কোথায়? কোথায় হরিলুট চলছে? আজকের সংকটে পরিস্থিতি সামাল দিতে আমাদের অনেক কষ্ট হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন নেই, রাত নেই, অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন পরিস্থিতিকে সামাল দেয়ার জন্য।

আওয়ামী লীগ দেশে স্বাধীন নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, আমরা আজ দেশের নির্বাচন ব্যবস্থাকে স্বাধীন করেছি। স্বাধীন নির্বাচন কমিশন করেছি। এর আগে ছিল প্রধানমন্ত্রীর অধীনে। এখন স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হচ্ছে। পৃথিবীর কোনো দেশ দাবি করতে পারবে না, তাদের গণতন্ত্র পরিপূর্ণ। পরিপূর্ণতা কোথাও আসেনি। আমরাও চেষ্টা করছি। আমাদের গণতন্ত্র বিকাশমান। এ প্রতিষ্ঠানকে যেকোনো মূল্যে আমরা বাঁচিয়ে রাখবো।